খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় সংঘটিত একটি ধর্ষণের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে দ্রুত জানিয়েছিলেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে।
ধর্ষণের ঘটনা সম্পর্কে জানিয়ে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করা সেই রিকশাচালক আবদুল হান্নানকে পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) এ মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মো. আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। নিজ কার্যালয়ে ডেকে এনে তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহাদাত হুসেন (পি আর)।
তিনি বলেন, উৎসাহ দেওয়ার জন্য পুলিশ কমিশনার রিকশাচালককে পুরস্কার দেন, যাতে ভবিষ্যতে লোকজন ৯৯৯ কল দিতে উৎসাহিত হয়।
জানা গেছে, গত রোববার রাতে এক আত্মীয়ের বাসা থেকে রিকশায় নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসায় যাচ্ছিলেন এক নারী। তাঁকে বহনকারী রিকশা নগরের জিইসি মোড় বাটা গলি এলাকায় পৌঁছলে গতিরোধ করা হয়। রিকশাচালককে তাড়িয়ে ওই নারীকে সড়কের পাশে নিয়ে চড়াও হন ছয় দুর্বৃত্ত। তখন রিকশাচালক রাকিব কিছুদূর এগিয়ে আবদুল হান্নান নামের ওই রিকশাওয়ালাকে ঘটনাটি খুলে বলেন।
হান্নান তখন ৯৯৯-এ ফোন করলে খুলসী থানা পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
খখ/মো মি


