খাসখবর বিনোদন ডেস্কঃ বলিউডের নন্দিত নায়িকা শিল্পা শেঠি কুন্দ্রা ঢাকার মঞ্চে আলো ছড়িয়ে সবাইকে বিমোহিত করলেন।
শনিবার (৩০ জুলাই) রাজধানীর বনানীতে বিজনেস
লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ‘ধারকান’, ‘বাজিগর’, ‘হাঙ্গামা’র মতো সুপারহিট হিন্দি সিনেমার এই নায়িকা।
এদিন রাত ৯ টায় মঞ্চে উঠেন শিল্পা শেঠি। তাকে মঞ্চে পেয়ে উপস্থিত হাজারো দর্শক করতালি দিয়ে স্বাগতম জানায়।
এই তারকার আলোয় আলোকিত হয় পুরো আয়োজন। মূলত পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দিতেই তার এই ঢাকা সফর।
শুরুতেই দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শিল্পা শেঠি বলেন, ‘সবার পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। ’
বলিউড নায়িকা শিল্পা শেঠি জানান, ‘ঢাকায় এটি আমার দ্বিতীয়বারের মতো আশা। ৫ বছর আগে আরও একটি ইভেন্টে আসা হয়েছিল। আপনারা আমাকে বেশিদিন ভুলে থাকতে দেন না। যদি ডাকা হয় তাহলে আমি আবার আসবো। ’
এরপর একে একে প্রায় ২৫ জন সফল ব্যবসায়ীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে শিল্পার পাশাপাশি ইভান শাহরিরায় সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন আশনা হাবিব ভাবনা ও পূজা চেরি। বেশকিছু ফ্যাশন শো পরিবেশন করা হয়। গান পরিবেশন করেন তাহসান খান। এছাড়াও দেশের শোবিজের অনেক তারকা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
খখ/মো মি


