খাসখবর জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ক
নতুন ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন।
রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সংসদ ভবনের সপ্তম তলায় রাষ্ট্রপতির চেম্বারে তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
রবিবার একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়নের পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।
ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। সেই প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য কামরুল ইসলাম (ঢাকা-২)।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।
১৯৪৮ সালের ৩১ মে পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন শামসুল হক টুকু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন।
পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রথমে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় টুকুকে। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
খখ/মো মি


