খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের পটিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ এখনো হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পারেনি।
নিহত ব্যক্তির নাম বিমান ধর (৪০)। তিনি উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বনিক পাড়ার দুলাল কান্তি ধরের ছেলে। বিমান ধর ও তাঁর এক ভাইয়ের চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় একটি সোনার দোকান রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে বিমান ধর চট্টগ্রাম শহরের দোকান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পুলিশ ধারণা করছে, ফেরার পথে দুবৃর্ত্তরা তাঁকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে বিমান ধরের মোটরসাইকেল, ধারালো একটি দা, মুঠোফোন, টাকাসহ মানিব্যাগ পাওয়া গেছে।
পটিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় স্থানীয় লোকজন বিমান ধরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পটিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দোকান বন্ধ করে প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরেন বিমান ধর। রাত সাড়ে ১১টার দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিমানের ওপর হামলার হয়। তার সঙ্গে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যায়। মোটরসাইকেলটি রাস্তায় পড়ে ছিল।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান গণমাধ্যমকে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মোটরসাইকেল, মুঠোফোন, মানিব্যাগ—সবই অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, কোনো পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী বিমান ধরকে দুবৃর্ত্তরা হত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
খখ/মো মি


