শিল্পকলা পদক পাচ্ছেন ১৮ গুণীজন

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্কঃ সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ অন্যান্য ক্ষেত্রে ২০১৯ ও ২০২০ সালে ১৮ গুণীজনকে শিল্পকলা পদক দেওয়া হচ্ছে।

thai foods

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

২০১৩ সাল থেকে শিল্পকলা পদক দিয়ে আসছে শিল্পকলা একাডেমি। করোনা মহামারির কারণে ২০১৯ ও ২০২০ সালের পদক পিছিয়ে এ বছর দেওয়া হচ্ছে। কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সাংস্কৃতিক সংগঠক ও সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা এই ১০টি ক্ষেত্রে পদকটি দেওয়া হয়ে থাকে। মনোনীতদের একটি করে স্বর্ণপদক, সনদপত্র ও এক লাখ টাকার চেক দেওয়া হবে।

২০১৯ সালের পদকপ্রাপ্তরা হলেন– নাট্যকলায় মাসুদ আলী খান, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, চলচ্চিত্রে অনুপম হায়াৎ, নৃত্যকলায় লুবনা মরিয়ম, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্য, যন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামান, ফটোগ্রাফিতে এম এ তাহের, আবৃত্তিতে হাসান আরিফ, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ছায়ানট।

২০২০ সালের পদকপ্রাপ্তরা হলেন– কণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, যন্ত্রসংগীতে মো. সামসুর রহমান, ফটোগ্রাফিতে আ ন ম শফিকুল ইসলাম স্বপন, চলচ্চিত্রে শামীম আখতার, নাট্যকলায় মলয় ভৌমিক, আবৃত্তিতে ডালিয়া আহমেদ, লোকসংস্কৃতিতে শাহ আলম সরকার, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে দিনাজপুর নাট্য সমিতি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শিল্পকলার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সংস্কৃতি সচিব আবুল মনসুর এতে বক্তব্য রাখবেন।

আলোচনা সভা ও পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

খখ/মো মি

আগে“আগামী মাসে উদ্বোধন হবে কালনা মধুমতী সেতু”-ওবায়দুল কাদের
পরেসাফ জয়ী খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী