খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ১২ বছর বয়সী মাদ্রাসার ছাত্রকে নাস্তার লোভ দেখিয়ে বলাৎকারের অভিযোগে মো. জোবাইর হোসেন (২৮) নামে মাদ্রাসা প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরীর জয়নাব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জোবাইর হোসেন রাঙ্গুনিয়ার কোদালা দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে। তিনি জয়নাব কলোনির হযরত জয়নাব হেফজুল কোরআন নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, ভুক্তভোগীর পরিবারের মামলার ভিত্তিতে বুধবার দুপুরে জয়নাব কলোনি থেকে শিক্ষক জোবাইরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ১২ বছর বয়সী মাদ্রাসার ছাত্র ইমরান হোসাইনকে প্রাইভেট পড়াতেন জোবাইর। চলতি নভেম্বর মাসের ১১ তারিখ বিকাল ৫টায় প্রাইভেট পড়ানোর সময় নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে ইমরানকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে ইমরান এ ঘটনা পরিবারকে জানালে তার মা রুমানা রুমকি বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


