খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্কঃ কক্সবাজারের রামুতে পাহাড়ধসে তিন নারীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে রামু উপজেলার
কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের নজির আহমদের ছেলে আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪০), ছেলের বউ নাসিমা আক্তার (২৫) ও আজিজুর রহমানের শাশুড়ি দিলফরুজ বেগম (৬৫)।
রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাওয়ে জাদি পাহাড়ের পুর্বপাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এই পাহাড় ধস-তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
খখ/মো মি


