খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম নগরীর হাজারি গলির একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া ১৯ ভরি স্বর্ণালংকারসহ চান্দগাঁওয়ের ‘আমির চোরা’ কোতোয়ালী থানা পুলিশের হাতে ধরা পড়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর চান্দগাঁওয়ের ওয়াসা রোড এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আমিরের চুরির স্বভাব পুরনো। এলাকার লোকজন তাকে আমির চোরা বলে ডাকে। ছোট-বড় মিলিয়ে কমপক্ষে দেড়শ দোকানে চুরির কথা স্বীকার করেছেন আমির। চুরির বদনাম ঘোচাতে বছরখানেক আগে এলাকায় দোকান দিয়ে চা-নাস্তা বিক্রি শুরু করেন। কিন্তু এটা ছিল তার কৌশল। প্রতিদিন সকালে ২-৩ ঘণ্টার জন্য দোকান থেকে বেরিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জুয়েলারি, মুদি দোকানসহ বিভিন্ন দোকান টার্গেট করেন চুরির জন্য। পরে সুবিধাজনক সময়ে গিয়ে সে দোকান থেকে চুরি করে মালামাল নিয়ে আসে।
তেমনি একটি ঘটনায় নগরীর হাজারি গলির একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ১৯ ভরি স্বর্ণালংকার মিলেছে আমিরে চায়ের দোকানের ক্যাশের বাক্সে।
গ্রেপ্তার আসামির নাম মো. আমির হোসেন (৩৮)। তিনি নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, হাজারি লেনের উদয়ন জুয়েলার্সের লকার থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি ওজনের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক শিবপদ ধর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চান্দগাঁও
ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একটি চায়ের দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।’
পুলিশ জানায়, মামলাটি রুজু হওয়ার পর তদন্তভার দেয়া হয় এসআই মোঃ মোমিনুল হাসানকে। তিনি তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমির হোসেনকে গ্রেপ্তার এবং তার দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করেন।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মোমিনুল হাসান। সংগীয় ছিলেন এএসআই সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া।
খখ/মো মি


