খাসখবর বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হলো ৮৮ হাজার ৪১৩ টাকা। এই দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শুক্রবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সর্বশেষ ৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বৃদ্ধি করে তারা। তখন সমিতির নেতারা যুক্তি দেখিয়েছিলেন, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এবারও একই দাবি করে সোনার দাম বাড়িয়েছেন সমিতির নেতারা।
দাম বাড়ায় কাল শুক্রবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬০ হাজার ৩০৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
আজ বৃহস্পতিবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৭ হাজার ২৪৭ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট ৭১ হাজার ৩৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৫৯ হাজার ৪৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
কাল থেকে থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮১৭ টাকা বাড়ছে।
খখ/মো মি


