খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
নৌ পুলিশ জানায়, আজ রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় সিএমপির কর্ণফুলী থানাধীন কর্ণফুলী নদীর দক্ষিন পাড় সংলগ্ন এস আলমের ২ নং জেটির পূর্ব পাশে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ (যার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর)
উদ্ধার করে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ। লাশটি ছিল প্রায় গলিত। মরদেহটির গায়ে একটি নীল রঙের ফুলহাতা ছেঁড়া গেঞ্জি ও পরনে ছিল নেভি ব্লু রঙের হাফ প্যান্ট। মরদেহটির উচ্চতা (লম্বা) ৫ ফুট ৬ ইঞ্চি।
সদরঘাট নৌ থানার এসআই মিঠুন বালা মরদেহটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ। তিনি বলেন, সংবাদ পেয়ে আজ রোববার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার সময় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহটি প্রায় গলিত ছিল।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির নিখোঁজ সংবাদ থাকলে তারা চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় যোগাযোগ করতে পারেন। (ওসি সদরঘাট নৌ থানা – ০১৩২০-১৬৭৫৪০)।
খখ/মো মি


