খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত ৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৫ মার্চ ) বিকেলে সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হয়।
বিস্ফোরণে নিহত ৬ জন হলেন, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামছুল আলম (৫৬), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার আবুল বাসার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের ছেলে রতন লকরেট (৪৫), নোয়াখালী জেলার মাইজদী থানার অলিপুর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে আবদুল কাদের (৫৮), লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চর লরেন্স এলাকার মহিদুল হকের ছেলে মো. সালাহ উদ্দিন (৩০) ও ময়মনসিংহ জেলার সেলিম রিচিল।
নিহত ৬ জনের মধ্যে শামছুল আলম ও সালাহউদ্দিন কারখানার কর্মী নন। ঘটনার সময় তাঁরা ছিলেন কারখানা থেকে আধা কিলোমিটার দূরে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘
আমরাও চেষ্টা করছি দ্রুত মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তর করতে। রোববার বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর শুরু হয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হবে। অক্সিজেন কারখানা বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তের কাজ চলছে। কারা এ দুর্ঘটনার জন্য দায়ী, সেটি খুঁজে বের করা হচ্ছে।
৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসকের নির্দেশে সাত সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গ্যাস সিলিন্ডার রিফুয়েলিং করার সময় ভয়াবহ বিস্ফোরণের অনেক লোকের হতাহতের বিধ্বস্ত ঘটনায় শনিবার (৪ মার্চ) রাত ৮টার দিকে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পরিদর্শন শেষে তিনি সাত সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।
কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান আহ্বায়ক, পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধি।
পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
খখ/মো মি


