খাসখবর বিভাগীয় ডেস্ক: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। শক্তিশালী রাশিয়ার কাছে হার বাংলাদেশের শিরোপা স্বপ্ন অনেকটাই কঠিন করে দিয়েছে। তাই আসরে টিকে থাকতে হলে আজ ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না গোলাম রাব্বানী ছোটন শিষ্যদের।
সেই ভারতকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা। অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে শক্তিশালী রাশিয়ার কাছে হারের পর শুক্রবার (২৪ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে হারায় বাংলাদেশ।
আত্মঘাতী গোলে বাংলাদেশের কাছে হেরে মাঠ ছাড়ে ভারত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের ৫ মিনিটেই লিড নেওয়ার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। তবে পূজা দাসের ক্রসে সুলতানা আক্তারের নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।এরপর বেশকিছু আক্রমণ-পাল্টা আক্রমণ করে দু’দল। তবে গোল বল জালে জড়াতে ব্যর্থ হয় দু’দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ ও ভারত।
বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে গোলের দেখা পায় না। তবে ম্যাচের ৭৫ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। নাদিয়া আক্তার জুথির ক্রস ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালে বল জড়ান ভারতের আখিলা রাজন। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাশিয়া। অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ভারত। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে শিরোপা। নিজেদের শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জিতলে ৯ পয়েন্ট হবে স্বাগতিকদের। তবে বাকি দুই ম্যাচে রাশিয়া হারলেই কেবল চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ।
খখ/মো মি


