অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সাংবাদিক ভীতি!

নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
thai foods

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে চর্চার অভাব নেই পত্রিকা হয়ে সোশাল হ্যান্ডেলে। অথচ দশ বছরেরও অধিক সময় ধরে অনেকটাই গণমাধ্যম থেকে নিজেকে আড়াল করে রেখেছেন নানাবিধ কারণে।

কেন এই আড়াল। কিংবা কেন তাকে নিয়ে এত চর্চা। অবশেষে সেই রহস্যই উন্মোচিত হলো শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে। যেখানে প্রভাকে নিয়ে আলাদা একটি সেশনই হলো। যাতে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন সংঘ কর্তারা।

প্রভার এই ব্রিফিংয়ের মূল কারণ ছিল সম্প্রতি তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। দেড়যুগ আগের ভিডিও প্রকাশ ও স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে প্রতিশ্রুতি দিতে সেই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। যে নোটিশের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে ফের চর্চিত হচ্ছেন প্রভা। যদিও যথারীতি এই বিষয়ে এতদিন তিনি চুপ ছিলেন।

ধারণা করা ছিল, শনিবার সন্ধ্যায় তিনি সেই বিষয়েই কথা বলবেন। তবে হলো উল্টোটা। ব্রিফিংয়ের পুরোটাই তিনি দুষলেন সাংবাদিকদের। জানালেন কেন সাংবাদিকদের তিনি এড়িয়ে চলেন। এমনকি সাংবাদিকদের সঙ্গে দূরত্ব তৈরির কারণ হিসেবে অভিযোগ তুললেন ‘গায়ে হাত’ দেওয়ারও!

শুরুতেই প্রভা জানালেন, তার সাংবাদিক ভীতির কথা। মূলত এই কারণেই তিনি অনেক কিছু সোশাল হ্যান্ডেলে প্রকাশ করতে পারেন না এবং কিছু কিছু করলেও সেসব ডিলিট করে দেন। এমনকি তিনি তার জীবনের নানা অধিকারের বিষয়েও সোচ্চার হতে পারেন না, খবর হওয়ার ভয়ে।

প্রভার ভাষায়, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তারচেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে, তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট জেনে যায়? ডিভোর্সের পেপার যখন ফাইল করি, নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম, সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতো।’

প্রভা সাংবাদিকদের অভিযোগ করে আরও বলেন, ‘কিছু দিন আগে আমার ভেরিফায়েড পেজ থেকে জানিয়েছি- কথা বলা ছাড়া আমার কিছু পাবলিশ করবেন না। যেমন কদিন আগে- রোজায় নরম ভাষায় কিছু একটা লিখলাম। পরদিন নিউজ আসলো- অবশেষে ক্ষমা চাইলেন প্রভা! বলেন তো কীসের জন্য ক্ষমা চাইবো আমি? অনেকে বলে আমি অ্যাটেনশন সিকার, তাই এসব পোস্ট দিচ্ছি। অথচ আমি অ্যাটেনশনই চাই না খবরের ভয়ে। এত অন্যায় আমার সঙ্গে, অথচ আমি প্রতিবাদ জানাতে পারি না, ভয় সাংবাদিকরা লিখবে।’

এরপর প্রভা উপস্থিত সাংবাদিকদের ভাই সম্বোধন করেন। অনুরোধ করেন, কেউ যদি তার নামে সোশাল হ্যান্ডেলে বা খবরে বাজে কথা লেখেন, তবে যেন সেটার প্রতিবাদ করেন ভাই হিসেবে।

সংবাদ সম্মেলনের শেষে প্রভার কাছে এক সাংবাদিক জানতে চান, সব সাংবাদিক আপনার সঙ্গে এমন কেন করবে? আপনার কী কোনও সমস্যা রয়েছে? তা না হলে আপনার সঙ্গে কেন এমন হবে?

উত্তরে প্রভা বলেন, ‘একই প্রশ্ন তো আমার। কেন সবাই আমার সঙ্গে এমন করবে। আমার কী প্রবলেম?’

এরপর অভিনেত্রী দুটি অভিজ্ঞতা শেয়ার করেন। যার মাধ্যমে তিনি তুলে ধরেন সাংবাদিকদের সঙ্গে তার দূরত্বের হেতু। বললেন, ‘‘দেখেন দুইটা গল্প বলি। একটা মেকআপ রুম। যেখানে আমরা শুটিং করে রুমে ঢুকি। মেকআপ করি। এসি খাই। আপনারা আসলে বসে গল্প করি। তো এভাবে একদিন গ্রিনরুমে বসে আছি। একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক আসলো। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার মেখে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে ক্লিক ক্লিক ক্লিক। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট’। এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনও প্রাইভেসি নাই?’’

এরপর দুই নম্বর গল্পটি শুনে উপস্থিত সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। প্রভা বললেন, ‘‘নম্বর টু। সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার গায়ে হাত রাখলো! বললাম, ‘তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনও কলিগও তো এভাবে হাত দেয় না।’ এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে পরে। কীভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হবো?’’

টিভি নাটকের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ নতুন একটি উদ্যোগ নিয়েছে। শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। মূলত সেই অনুষ্ঠানেই এসব কথা বলেন সাদিয়া জাহান প্রভা।

এসময় তার পাশে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর, অভিনেতা সাজু খাদেমসহ অনেকেই।

সাংবাদিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে যা বললেন প্রভা

দিনভর সোশাল হ্যান্ডেলে তুলকালাম চলছে সাংবাদিকদের প্রতি প্রভার ঢালাও অভিযোগ নিয়ে। যা শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের অফিসে কথা প্রসঙ্গে বলেছিলেন অভিনেত্রী। তুলে ধরেছিলেন সাংবাদিকদের সঙ্গে দূরত্ব তৈরির কিছু কারণ। উল্লেখ করেছেন কিছু ঘটনাও।

এমন বক্তব্যের বিপরীতে সাংবাদিকদের পক্ষ থেকে ক্ষোভের প্রকাশ ঘটে। মূলত সেই ক্ষোভের বা অভিযোগের জবাব দিলেন প্রভা। রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক দেয়ালে আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশে তিনি লেখেন-

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা

শুভেচ্ছা নেবেন।

গতকাল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেক দিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার। কিন্তু সেই সম্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই বোন ফেসবুক পোস্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।

প্রথমত, আমি কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে।

ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনও সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনও অভিযোগ আগেও ছিল না, এখনও নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।

দ্বিতীয়ত, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি, বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দূরত্ব ছিল। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠবো। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।

তবে গতকাল আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন। সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগে রূপ দিয়ে আবারও শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।

আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনও সাংবাদিকের বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোনও সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।

সাদিয়া জাহান প্রভা

খখ/মো মি

আগেমার্চ মাসে এসেছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
পরেআরেফিন জিলানীর সঙ্গে আংটি বদল করলেন কন্ঠশিল্পী ঐশী