তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ, পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি

thai foods

খাসখবর আবহাওয়া ডেস্ক: গরমে পুড়ছে দেশ। অতি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। নয় বছর পর ফের অতি তীব্র তাপপ্রবাহের বয়ে যাচ্ছে দেশের ওপর দিয়ে। এক্ষেত্রে রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এ তাপপ্রবাহ।

thai foods

দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। তাপমাত্রা গতকালের তুলনায় এক দুই ডিগ্রি সেলসিয়াস কমা-বাড়ার মধ্যে থাকলেও কমেনি দাবদাহ। এরমধ্যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

১৯ এপ্রিল পর্যন্ত এই দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া গত কয়েক দিন তাপমাত্রার চূড়ান্ত অবস্থানে থাকা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৯৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১, যা তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে।

ঢাকা ছাড়া ময়মনসিংহে আজ ৩৭, গতকাল ছিল ৩৭ দশমিক ৩, রাজশাহীতে গতকাল ছিল ৪০ দশমিক ৫, আজ তা ২ ডিগ্রি বেড়ে ৪২ দশমিক ৬, রংপুরে ছিল ৩৬ দশমিক ৮, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৯ দশমিক ২, সিলেটে ছিল ৩৭ দশমিক ৭, আজ তা কমে ৩৬ দশমিক ২, চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, আজও একই আছে, খুলনায় ছিল ৪১ দশমিক ৩, আজ তা কমে ৩৮ দশমিক ৮ এবং বরিশালে ছিল ৩৯ দশমিক ৪, আজ তা কমে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দাবদাহের বিষয়ে বলা হয়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চলতি বছরে ১৬ এপ্রিল ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭৫ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এ রেকর্ড এখনো ভাঙেনি।

খখ/মো মি

আগেদেশে মানুষের গড় আয়ু কমেছে ৬ মাস, বেড়েছে মৃত্যু হার
পরেরাউজান থানা পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধার, ১ ব্যক্তি গ্রেফতার