চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ডা. আফছারুল আমীন আর নেই

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: প্রবীণ রাজনীতিক, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন আর নেই (ইন্না লিল্লাহি …রাজিউন)।

thai foods

শুক্রবার (২ জুন) বিকেল চারটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর চলে যান। সেখান থেকে ফিরে দেশে নিয়মিত কেমো ও রেডিয়েশন থেরাপি নিয়েছেন।

১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। এরমধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারের নৌ-পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আফছারুল আমীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকায় জাতীয় সংসদ ভবনে। এরপর তার মরদেহ চট্টগ্রামে আনা হবে। চট্টগ্রামেই তার দাফন হবে বলে তার ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন জানিয়েছেন।

৭৬ বছর বয়সী আফছারুল আমীন স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বড় ছেলে ফয়সাল আমীন এবং ছোট ছেলে চিকিৎসক মাহিদ বিন আমীন।

ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘জননেতা আফছারুল আমীন দেশ ও জাতির কঠিন সময়ে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রসেনানি ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে সুপ্রতিষ্ঠিত রাখতে আফছারুল আমীন আমৃত্যু লড়ে গেছেন। তার মৃত্যু রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’প্রজন্ম থেকে থেকে প্রজন্মে একজন আদর্শিক নেতা হিসেবে কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে তিনি বেঁচে থাকবেন। তার কর্ম এবং সাংগঠনিক কৌশল আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’

খখ/মো মি

আগেদেশে ৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু
পরেপতেঙ্গা মডেল থানার বিশেষ অভিযান: ৬ জন পতিতা-খদ্দর আটক, চোলাইমদ উদ্ধার ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার