খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে এ আসনে ৩০ জুলাই উপ-নির্বাচনের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়।
কে হচ্ছেন চট্টগ্রাম-১০ আসনের পরবর্তী সাংসদ, অর্থাৎ আফছারুল আমীনের উত্তরসূরি?
চট্টগ্রাম-১০ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন। সম্প্রতি তার মৃত্যুতে শূন্য হয়েছে আসনটি।
তবে শেষমেশ চট্টগ্রাম-১০ আসনের পরবর্তী সাংসদ অর্থাৎ আফছারুল আমীনের উত্তরসূরি কে হচ্ছেন— তা জানতে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত।
এই নির্বাচনে প্রার্থী হতে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও আলোচনায় আছেন ৫ প্রার্থী।
আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (০৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুর দিন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।
এ আসনে উপনির্বাচনে আড়াই মাসের জন্য সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন চাইতে পারেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগ নেতা, নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।
এছাড়া আলোচনায় আছেন ডা. আফছারুল আমীনের ছোট ভাই ডা. আরিফুল আমীন ও বড় ছেলে ফয়সাল আমীন, এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ বাহার, জহুর আহমদ চৌধুরীর ছেলে হেলাল উদ্দিন চৌধুরী তুফান, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) এমদাদুল ইসলাম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।
এ ব্যাপারে ডা. আফছারুল আমীনের ভাই ডা. আরিফুল আমীন গণমাধ্যমকে বলেন, পরিবারের পক্ষ থেকে একজনকে মনোনীত করে তার জন্য নৌকার মনোনয়ন চাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন। এসময়ে তিনি আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে গত শুক্রবার মৃত্যুবরণ করেন।
খখ/মো মি


