খাসখবর জাতীয় ডেস্ক: খেলাধুলার ব্যাপক প্রসারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলাধুলা ও শারীরিক ব্যায়াম আত্মবিশ্বাস ও দেশের জন্য দায়িত্ববোধ বৃদ্ধি করে।’
তিনি বলেন, ‘স্থানীয় খেলাধুলার ওপর আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন- যাতে এর চর্চা বৃদ্ধি পায়। আমি চাই, আমাদের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক।’
শুক্রবার (৯ জুন) রাজধানীর বনানী এলাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলা, শারীরিক ব্যায়াম ও সাংস্কৃতিক চর্চা আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। পাশাপাশি মানুষকে হাসিখুশি রাখে।’
তিনি বলেন, ‘আমার সরকার সারা দেশে (উপজেলা) মিনি স্টেডিয়াম নির্মাণ করছি, যাতে সারা বছর সেখানে বিভিন্ন খেলাধুলা করা যায়। রাজধানী ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবে সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন পূর্বাচলে ক্রিকেটের জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেবো যাতে ফুটবলসহ অন্যান্য খেলার জন্য এর কাছাকাছি আরেকটি স্টেডিয়াম তৈরি করা হয়।’
প্রধানমন্ত্রী এর আগে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। গ্র্যান্ড ফিনালেতে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে প্রথম টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইউনিয়ন ব্যাংক। তিনি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।
চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ ও রানার্স আপ দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া, তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করে গ্লোবাল ইসলামী ব্যাংক ৩০ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ২০ লাখ টাকা পেয়েছে।
খখ/মো মি


