খাসখবর বিভাগীয় ডেস্ক: কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাইমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামালপুর সরকার বাড়ীর মোঃ রফিক সরকারের ছেলে মোঃ সোহেল মিয়া(২২), একই থানার জাজিসার পশ্চিম পাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া প্রকাশ সিজান আহাম্মদ(৩০) ও হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু(২৪)।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৮০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার অভিযান টিম গোপন সংবাদেট মাধ্যমে জানতে পারে ২টি সিএনজি যোগে কসবা থানাধীন কুটি চৌমুহনী হতে গাঁজা নিয়ে হায়দরাবাদ এলাকার দিকে যাচ্ছে মাদক কারবারিরা। পরে তারা বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নে পাক দেওড়া দক্ষিণ পাড়া জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর ওৎপেতে থাকে। কিছুক্ষন পর অর্থাৎ ৫ জুলাই অনুমান ১০ টার সময় দুইটি সিএনজি তাদের সামনে পৌঁছা মাত্রই বেরিকেড সৃষ্টি করে সিএনজির চালক আসনে বসা অবস্থায় ১নং আসামী মোঃ সোহেল মিয়াকে ধৃত করা হয়। রেজিস্ট্রেশন বিহীন ওই সিএনজি থেকে যাত্রী বসার সীটের পিছনের খালি জায়গায় এবং যাত্রীর পা রাখার স্থান হতে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর সিএনজিটির চালকের আসনে বসা ২নং আসামী মোঃ রাসেল মিয়া প্রকাশ সিজান আহাম্মদ এবং পিছনের সিটে বসা ৩নং আসামী আবু বক্কর ছিদ্দিক লিপুকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানকালে দূর্বাজ ভূইয়া প্রকাশ নুরুল হক (৪০) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


