খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নামা যুবকের উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত হয়েছে। এ মরদেহটি তিনদিন ধরে নিখোঁজ থাকা ডেন্টিস্ট রাজেশ বড়ুয়ার (৩২)।
অজ্ঞাত নামা এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (১৩ জুলাই) সদরঘাট নৌ থানা পুলিশের হিমঘরে থাকা মরদেহটি শনাক্ত করেন।
ডেন্টিস্ট রাজেশ বড়ুয়া মা ও স্ত্রীকে নিয়ে নগরীর নন্দনকানন ১ নম্বর গলিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি বাঁশখালীর পূর্ব শীলকূপে।
গত মঙ্গলবার (১১ জুলাই) বেলা আড়াইটার দিকে কর্ণফুলী নদীর বাংলা বাজার সাম্পান ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো.একরাম উল্লাহ বলেন, রাজেশ বড়ুয়া ১০ জুলাই নন্দনকাননের বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। তার স্ত্রী পূজা বড়ুয়া কোতোয়ালী থানায় জিডি করেছিলেন।
জিডিতে উল্লেখ করা হয়, তার স্বামীর অনেক দেনা ছিল। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি ফিরেননি। বিকাল ৩টার দিকে ফোন করে বলেছেন- ‘ভালো থেকো’। এরপর ফোন কেটে দেন। পরে যোগাযোগের চেষ্টা করেও আর পাওয়া যায়নি।
১১ জুলাই বেলা আড়াইটার দিকে সদরঘাট নৌ থানা পুলিশ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নামা যুবকের মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে।
খখ/মো মি


