খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলি নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে আদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানাধীন অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
সায়ান নগরীর পশ্চিম বাকলিয়ার কেডিএস গলির বাসিন্দা বিশ্বজিৎ দাশের ছেলে। সে হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) সায়ান স্কুলে গিয়েছিল। এরপর আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় সায়ানের বাবা চকবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। এরপর আজ (বৃহস্পতিবার) নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ছেলেটির পরনে স্কুলের নির্ধারিত পোশাক ছিল। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হবে।
সায়ানের বাবা বিশ্বজিৎ দাশ বলেন, ‘মঙ্গলবার স্কুলে যায় সায়ান। ছুটির পর জামালখান এলাকায় গিয়েছিল। জামালখানে যাবার বিষয় আমরা জানতাম। কিন্তু এরপর সে আর বাসায় ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করি। আজ (বৃহস্পতিবার) লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় আসি।’
এব্যাপারে কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. আরমান হোসেন বলেন, স্কুল ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি আমরা গুরুত্বের তদন্ত করে দেখছি।
খখ/মো মি


