খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলীতে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আর এই বিএফডিসি নির্মাণে জমি দিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বিটিভির আওতাধীন এক একর ৩৭ শতক জমি বিএফডিসিকে চুক্তি অনুযায়ী হস্তান্তর করা হয়।
ওই জমিতে চট্টগ্রামের বন-পাহাড় সমৃদ্ধ সবুজ লোকেশনে সিনেমা শ্যুটিং স্পট নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
এ উপলক্ষে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে বিটিভি ও বিএফডিসির মধ্যে চুক্তি সই হয়। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।
সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ চুক্তিপত্রে সই করেন।
এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএফডিসির জন্য চট্টগ্রামের পাহাড়তলীর এই মনোরম স্থান দেশের চলচ্চিত্র অঙ্গণকে আরও সমৃদ্ধ করবে।
খখ/মো মি


