খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী থানার বিএফডিসি জেটি এলাকার নদীর কূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, কর্ণফুলী থানাধীন বিএফডিসি জেটি এলাকার নদীর কূল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহটি লম্বায় অনুমান ৫ ফুট ৪ ইঞ্জি, মুখমণ্ডল সম্পূর্ণ পচন ধরা, জিহবা বের হওয়া অবস্থায় পাওয়া গেছে। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হতে পারে।
ওসি একরাম উল্লাহ আরও জানান, অজ্ঞাতনামা মরদেহটি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীর পচেগলে যাওয়ায় বিকৃত হয়ে গেছে, তাই শনাক্ত করে পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে গত ১০ ডিসেম্বর রাতে কর্ণফুলী নদীতে সার বোঝাই লাইটার জাহাজ ‘মাকসুদা-২’ ডুবে যাওয়ার ঘটনায় ওইদিন আজিজুর রহমান নামে ওই জাহাজের এক সার্ভেয়ার নিঁখোজ হন। উদ্ধার হওয়া মরদেহটি ওই সার্ভেয়রের কি না তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি একরাম উল্লাহ।
তবে নিঁখোজ ওই ব্যক্তির পরিবারের লোকদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষা করে নিহতের পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
খখ/মো মি


