খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙ্গামাটির নানিয়ারচরের সীমান্তবর্তী এলাকা দুর্গম দুরছড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তে প্রতিপক্ষের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।
নিহতরা হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। গুলিবিদ্ধ হয়েছেন ত্রিপল চাকমা। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
খাগড়াছড়ির মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল অতি দুর্গম। তা ছাড়া এটি মহালছড়ি থানার অধীনে কী না সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নেয়া হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।
খখ/মো মি


