খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন মোবাইল ছিনতাইকারিকে গ্রেফতার করেছে।
গত ১০ মার্চ সিআরবি শিরীষতলার প্রবেশমুখ থেকে এক শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই করেছিল তারা।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন গণি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো.আলতাফ হোসেন (২৪), মো. মিসবাহ (২০) ও মো. কামাল হোসেন চৌকিদার (৩৫)।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি এস এম ওবায়েদুল হক।
পুলিশ জানায়, গত ১০ মার্চ শিক্ষার্থী রায়হান উদ্দিনের দাখিল এবং আলিম সনদ সংশোধনের কপি ঢাকা থেকে সংগ্রহ করে ভোর ৪টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
রায়হান রেলওয়ে স্টেশন থেকে হেঁটে নগরীর ডবলমুরিং থানার বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করেন। ভোর সাড়ে পাচঁটার দিকে নগরীর কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলার প্রবেশমুখে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ২-৩ জন রায়হানের গতিরোধ করে।
একজন রায়হানকে ধরে রেখে ও অপর একজন প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল এবংপকেটে থাকা নগদ ৩৫০ টাকা ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়।
এব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন বলেন, মামলার তদন্তের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে ফোর্সদের সহায়তায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের গণি হোটেলের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে শিক্ষার্থী রায়হানের মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। এবিষয়ে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।
খখ/মো মি


