বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় নির্বাচন আজ

উপজেলা নির্বাচন ২০২৪
thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায়। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে দুই উপজেলায় মোট প্রার্থী সংখ্যা ২২ জন।

thai foods

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার ১৮৬টি ভোট কেন্দ্রের ১৪৩৭টি বুথে ভোট গ্রহণ করা হবে।

এর মধ্যে বাঁশখালী উপজেলায় ১১৫টি কেন্দ্রে ৮৫৬টি বুথ ও লোহাগাড়া উপজেলায় ৭১টি কেন্দ্রে ৫৮১টি বুথে ভোট গ্রহণ করা হবে।

বাঁশখালীতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

বাঁশখালীতে চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ইমরানুল হক চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিনও। এরমধ্যে খোরশেদ আলম স্থানীয় সাবেক ও বর্তমান এমপি, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সমর্থন পেয়েছেন। অন্যদিকে সাবেক ভাইস চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী লড়াই করে যাচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের সমর্থন নিয়ে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩২১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৮১ জন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ৪জন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জেসমিন আক্তার গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য ২২ জন ম‌্যাজিস্ট্রেট, বিজিবি ৬ প্ল‌াটুন, পুলিশ, আনসার ব‌্যাটালিয়ান সহ বিপুল সংখ‌্যাংক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। লোহাগাড়ায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন।

লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ৭১টি ভোট কেন্দ্র। প্রতি কেন্দ্রে ৪ জন পুলিশ, ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী মাঠে ৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের দুটি টহল টিম, ২২টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং টিম এবং পুলিশের একটি বিশেষ টিম কাজ করবে। মঙ্গলবার (৪ জুন) কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

ভোটারদের ধারণা, লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী ও সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলাম চৌধুরীর মধ্যে তুমুল লড়াই হবে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান।

এদিকে, মঙ্গলবার দুপুরের পর থেকে সকল কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, অস্বাভাবিক পরিস্থিত মোকাবিলায় কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও নির্বাচনী এলাকাজুড়ে মোতায়েন থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে গণ্ডগোলের সুযোগ নেই।

খখ/মো মি

আগেদ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ
পরেভারতের লোকসভা নির্বাচনের ৫৪২ আসনের চূড়ান্ত ফল; বিজেপি ২৪০, কংগ্রেস ৯৯