খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার সি-বীচ এলাকায় মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপের শব্দ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ মুখের আগে ওজন স্কেল অংশে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মনিরুজ্জামান রাফি (২৫)। তিনি বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার বাকের আলী ফকিরের টেক মালুম বাড়ির বাসিন্দা। আহত অপর যুবকের নাম মো. রায়হান (২৬)। তিনিও একই এলাকার বাসিন্দা।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। এই ঘটনার জেরে ভোর সাড়ে ৪টার দিকে রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
খখ/মো মি


