খাসখবর বিনোদন ডেস্ক : বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের একটি টেলিভিশনের রিয়েলিটি শো সারেগামাপা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাদপ্রদীপের আলোয় আসা তরুণ শিল্পী মাঈনুল আহসান নোবেল।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেলা সাড়ে এগারোটার দিকে নোবেল নিজেই বিষয়টি জানান। তার শরীরে ৩০ টি সেলাই দিতে হয়েছে বলে জানায় আলোচিত এই শিল্পী।
ফেসবুক পেজে নোবেল লিখেছেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাঁ-পাশের ভ্রু-তে ১৮টা—মোট ৩০টা সেলাই পড়েছে।
তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছেন। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’
এর আগে মধ্য রাতে নিজের ফেসবুকে একটি সেলফি প্রকাশ করেন নোবেল। ছবিতে নোবেলের গায়ে রোগীদের পোশাক দেখা যাচ্ছে।
এক চোখ পুরোটা ব্যান্ডেজ করা। হাতে রয়েছে টাকার বান্ডেল। ছবির ক্যাপশনে নোবেল লেখেন, আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছেন। রাস্তাটির জন্য দোয়া করবেন।
তবে দুর্ঘটনাটির স্থান ও বাহন নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, এটি ঢাকার মধ্যেই বাইক দুর্ঘটনা।
খখ/প্রিন্স


