খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটন কেন্দ্র মহামায়া লেকে বেড়াতে আসা এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে তিন যুবক-এমন অভিযোগের ভিত্তিতে মো. রিয়াজ উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন (২৫) উপজেলার কাটাছড়া ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মো. ইউছুফের ছেলে।
পুলিশ জানায়, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিয়াজ।
এবিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল কাদের গণমাধ্যমকে জানান, মহামায়া লেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাতে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রেমিককে নিয়ে মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। লেকের গহীনে প্রেমিককে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করেন তিন যুবক। বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসেন এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
খখ/মো মি


