খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ।
পুলিশ জানায়, মরদেহের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরীর সদরঘাটের মাঝিরঘাট লোহার গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। তার পরনে হালকা বাদামি রঙের গোল গলার টি-শার্ট ও গাবাডিং ফুল প্যান্ট ছিল। তার শরীরে একাধিক জখমের চিহ্ন আছে। কপালের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো একরাম উল্লাহ।
ওসি মো. একরাম উল্লাহ ‘খাসখবর ডট নিউজ’ কে বলেন, অজ্ঞাতনামা মরদেহটি ক্ষতবিক্ষত। উদ্ধার হওয়া মরদেহটি প্রাথমিকভাবে দেখে খুন বলেই মনে হচ্ছে। লাশের ডান চোখ এবং কপালে ক্ষত রয়েছে। তাছাড়া চোখের মনি বাহিরের দিকে বের হয়ে গিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
খখ/মো মি


