চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১০

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

thai foods

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন মেয়েশিশু। এক শিশুর বয়স ১২ বছর। অপর শিশুটির বয়স ৭ বছর। এই দুর্ঘটনায় গুরুতর আহত আছেন তিনজন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। তখন চালক ‘হার্ড ব্রেক’ করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সাতজন। হাসপাতালে মারা যান তিনজন। এই তিনজনের মধ্যে একজন মারা যান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য দুজন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন। আহত হন নয়জন। অন্যদিকে গতকাল ভোররাত ৪টার দিকে পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে ৯ আরোহী আহত হন।

পুলিশের ধারণা, বিপজ্জনক বাঁকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই সড়ক বিভাগের পক্ষ থেকে উক্ত স্থানে স্পিড ব্রেকার (গতিরোধক)
স্থাপন করা হচ্ছে।

খখ/মো মি

আগেঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের
পরেচট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের নামে মামলা