খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক,: চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (২৬) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপু দাশ চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকার বাসিন্দা মিন্টু দাশের ছেলে। তিনি চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অপি দাশকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে জানান, চৌধুরীহাটের স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি হাতাহাতিতে পরিণত হয় এবং অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক যুবকরা। স্থানীয়রা এখনও বিরোধের প্রকৃত কারণ জানতে পারেননি। পুলিশ এ ঘটনায় অভিযান শুরু করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও পেছনের সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, ‘নিহত অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাঁকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যান। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।’
নিহত অপি দাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
খখ/মো মি


