খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান।
গ্রেপ্তার আসামী মো. এরশাদ (২৯) হাটাজারী উপজেলার ধলই ইউনিয়নের মো. রফিকের পুত্র।
পুলিশ জানায়, গতকাল ১০ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি চৌকস দল।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ এর নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর দক্ষিণ উদালিয়া এলাকার ঢালার মুখ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে একটি টিনশেড ভাড়া ঘর থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল ও ২টি দা উদ্ধার করা হয়। এদিকে অভিযানের সময় আটক ব্যক্তির অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে অংশগ্রহণকারী এস আই রুপন নাথ জানান, এ ঘটনায় হাটহাজারী মডেল থানা-এ আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯এ/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খখ/মো মি


