খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির ইপিজেড থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে। এসময় পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার সময় ইপিজেড থানাধীন রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড় থেকে এসব মার্কিন ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেপ্তারকৃত পাচারকারী চক্রের সদস্যরা হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পশ্চিম কলাউজান গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত (৩০), একই থানা ও গ্রামের মাহবুব আলমের ছেলে জিহাদ উদ্দিন মানিক (১৯)।
পুলিশ জানায়, ইপিজেড থানার নিউমুরিং ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আরিফ হোসেন মোল্লার নেতৃত্বে ‘টিম ইপিজেড’ গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার সময় ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং টু এয়ারপোর্ট রোডস্থ রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এয়ারপোর্ট হতে হাজারী গলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোরিকশাকে তল্লাশি করেন।
তল্লাশীকালে পাচারকারী চক্রের সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত ও জিহাদ উদ্দিন মানিকের হেফাজত হতে অবৈধ ২২,০০০ (বাইশ হাজার) মার্কিন ডলার এবং ৪৮০ (চারশত আশি) গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেন।
আসামিরা উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের বিষয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে অধিক লাভের আশায় শুল্ক বা কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার চোরাচালানের মাধ্যমে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখে। এঘটনায় আসামী দ্বয়ের বিরুদ্ধে ইপিজেড থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


