হরমুজে দিনে ১৫টির বেশি জাহাজ চলাচল করতে পারবে না, যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

Oplus_131072
thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

thai foods

যুদ্ধবিরতির সময় প্রতিদিন সর্বোচ্চ ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে—যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফা প্রস্তাবনার একটি শর্ত এটাই। খবর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের।

পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযোগকারী ৩৪ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৪০টি জাহাজ এই প্রণালি পার হতো। যুদ্ধ শুরুর পর ইরান অবরোধ জারির ঘোষণা দিলে আন্তর্জাতিক তেলবাজারে সরবরাহ সংকট দেখা দেয়, যা এখনো কাটেনি।

তেল ছাড়াও সার, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন পণ্যের বড় বাজার এই রুট ঘিরেও অস্থিরতা তৈরি হয়েছে।

৭ এপ্রিল ঘোষণা করা দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব ও ইরানের ১০ দফা পাল্টা প্রস্তাব নিয়ে আলোচনায় বসবে দুই দেশ।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় দিনে ১৫টির বেশি জাহাজ চলাচল করবে না, এবং প্রতিটি জাহাজের চলাচল হবে ইরানের নির্দিষ্ট অনুমতি ও প্রোটোকল মেনে। পরিবহন তদারকিতে থাকবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় দেশগুলোকে ইতোমধ্যে শর্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাসকে বলেন, ‘হরমুজে কোনো বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল এখন থেকে ইরানের অনুমোদন ও কঠোর প্রোটোকলের ওপর নির্ভর করবে। এ বিষয়ে আঞ্চলিক পক্ষগুলোকে জানানো হয়েছে। যুদ্ধের আগে যে পরিস্থিতি ছিল, সেখানে ফেরার সুযোগ নেই।’

খখ/মো মি

আগেবগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল বিজয়ী, শেরপুর-৩ এ মাহমুদুল হক
পরেআজ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি