খাসখবর আবহাওয়া ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘যশ’ তার পরিপূর্ণ শক্তি নিয়ে আসছে। চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’।
আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে , আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি।
ভারতীয় গনমাধ্যম এএনআই এর সূত্রে জানা গেছে , এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বিধ্বংসী। আম্ফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোনটি।আবহাওয়াবিদরা আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন।
আবহাওয়াবিদদের মতে জলবায়ু সংকটের প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
তবে আগামী শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় এই ঘূর্ণিঝড়টি সুন্দরবন ও তার পাশ্ববর্তী এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।
খখ/মো মি


