খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক এসপি বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৯ মে) সকালে পুলিশের কড়া পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে তাকে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে বাবুল আক্তারকে স্থানান্তর করা হয়েছে।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতারের পর থেকে বাবুল আক্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আজ(২৯ মে) উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাকে সেখানে পাঠানো হয়।
গত ১৭ মে দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো আদেশ দেন।
এর আগে গত ১৩ মে একই আদালত মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তারকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর খুনের সঙ্গে বাবুল আক্তার জড়িত, এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তভার নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত ঘুরে ২০২০ সালের জানুয়ারিতে পড়ে পিবিআই’র ওপর। এরপর আস্তে আস্তে জট খুলতে থাকে দেশজুড়ে তোলপাড় সৃষ্টিকারী চাঞ্চল্যকর এই মামলার।
গত ১১ মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে ১২ মে ওই মামলার ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই।
এরপর ১২ মে দুপুরে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আট জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকি সাত আসামি হলেন— মো. কামরুল ইসলাম শিকদার মুছা, এহতেশামুল হক প্রকাশ হানিফুল হক প্রকাশ ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু, মো. সাইদুল ইসলাম সিকদার সাক্কু এবং শাহজাহান মিয়া।
মিতুর বাবা মোশাররফ হোসেনের মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার করে পিবিআই। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৭ মে বাবুল আক্তারকে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে হাজির করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা ম্যাজিস্ট্রেটের খাস কামরায় বসে থেকেও শেষপর্যন্ত জবানবন্দি দিতে সম্মত হননি বাবুল আক্তার। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
খখ/মো মি


