খাসখবর জাতীয় ডেস্ক➤ অবশেষে দেশে এসেছে ফাইজারের এক লাখ ডোজ টিকা! বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে।
সোমবার (৩১ মে) রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের টিকা ঢাকায় পৌঁছায়। স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, মহাখালীতে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিমাগারে এসব টিকা রাখা হবে।
এদিকে, রোববার (৩০ মে) দিনভর ফাইজারের টিকা আসার তথ্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২৯ মে) রাতে ডা. শামসুল হক জানিয়েছিলেন, ফাইজারের টিকা বাংলাদেশে রোববার রাতে এসে পৌঁছাবে।
এরপর রোববার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আজ ফাইজারের টিকা আসছে না। ওই বুলেটিনের পরপরই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববারই রাতেই আসছে ফাইজারের টিকা। এরপর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানলেন টিকা আজ আসছে না। আসবে সোমবার রাতে।
সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। তবে এ টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা আছে বাংলাদেশের।
ঔষধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ফলে এ টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হবে। আর পরিবহনের জন্য থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান প্রয়োজন হবে।
তবে সাধারণ রেফ্রিজারেটরে ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে এ টিকা ৫ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকবে। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা দুই ঘণ্টা টিকবে।
প্রথম ডোজ দেয়ার তিন থেকে চার সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ১২ বছরের বেশি যেকোনো ব্যক্তি এ টিকা নিতে পারবে।
দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে।
প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।
খখ/মো মি


