খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ৪১ জনের মৃত্যু হয়েছে। ২৩ দিনের মধ্যে এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৯ মে সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি ৫৬ জনের মৃত্যুর তথ্য ছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন।
মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। নতুন করে মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে শনাক্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জন। দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।
এর আগে সোমবার (৩১ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৩ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৯ টি, জিন এক্সপার্ট ৪৪ টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩০ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৫৩৬ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩ টি।
গত একদিনে ১৮ হাজার ৫৩৬ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন।
এছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬, খুলনায় ৪ ও বরিশালে ২ ও সিলেটে ৩ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৫ জন নারী। এর মধ্যে ৩ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ একজন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৫২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৭৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৪৮১ জন।
খখ/মো মি


