খাসখবর মহামারী ডেস্ক➤দেশে আজ করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্তের হার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮০১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে।
শনিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার (৪ জুন) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১টি, জিন এক্সপার্ট ৪৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৭৬৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ২৬০টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন। এছাড়া চট্টগ্রামে ৮, রাজশাহীতে ১২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুর ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় ১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ৫, ২১ থেকে ৩০ বছরের ১ এবং ১০ বছরের কম বয়সী ১ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৮ হাজার ৯৩১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ১৮ হাজার ১০৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৮২৪ জন।
খখ/মো মি


