খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা ছিল পুতিনের সঙ্গে বাইডেনের প্রথম মুখোমুখি বৈঠক। প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে এই বৈঠক। বুধবার (১৬ জুন) জেনেভার স্থানীয় সময় বেলা ১টায় বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠক শুরু হয়।
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একজন অভিজ্ঞ রাষ্ট্রনেতা। তিনি (জো বাইডেন) ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একেবারে আলাদা। রাশিয়া নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ ভিত্তিহীন।
পুতিন বলেন, উভয় দেশের বহিষ্কৃত রাষ্ট্রদূতদের পুনরায় দুই দেশের দূতাবাসে ফেরাতে রাজি হয়েছেন তারা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেছেন, তিনিও জো বাইডেনকে মস্কোতে আমন্ত্রণ জানাননি।
তিনি বলেন, আমাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে । তিনি মনে করেন না যে, তাদের মধ্যে কোনও ধরনের বৈরীতা আছে।
অন্যদিকে, পুতিনের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, পুতিন ও তিনি দুই দেশের সহযোগিতা এবং পারস্পারিক স্বার্থের ক্ষেত্র নির্দিষ্ট করা নিয়ে কথা বলেছেন।
তাদের এই বহুল প্রতিক্ষীত বৈঠক শত্রুতাপরায়ণ ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে পুতিন আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনএন’কে বলেন, বাইডেনের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। সংলাপে তারা একে অপরকে বুঝতে চেষ্টা করেছেন। এটাকে কখনোই শত্রুতাপরায়ণ আলোচনা বলা যায় না।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের “রাষ্ট্রীয় অনুশাসন” নামক প্রথম শীর্ষ সম্মেলন তারা পুনরায় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা শুরু করতে একমত হয়েছেন এবং তাদের কূটনৈতিক সম্পর্ক শুরুর অংশ হিসেবে উভয় দেশের রাষ্ট্রদূতের কাজে ফেরার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
খখ/মো মি


