খাসখবর খেলা ডেস্ক➤ ঘরের মাঠে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ০-১ গোলে হেরে শুরুটা মোটেই ভালো হয়নি জার্মানদের। শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হতো মুলারদের। তাই মিউনিখে ঘরের মাঠে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের টিকিয়ে রাখলো জোয়াকি ম লোর শিষ্যরা।
এদিকে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে এবারের ইউরো শুরু করেছিলো বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
আজ রাতে ইউরোতে হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি লড়াইয়ে নামে ইউরোপের দুই পরাশক্তি। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় পর্তুগালকে প্রথম লিড এনে দেন রোনালদো। এর আগে ৪ বারের বিশ্বকাপজয়ী জার্মানির বিপক্ষে রোনালদো খেলেছেন ৪টি ম্যাচ। এই প্রথম গোলের দেখা পেলেন তিনি।
এরপর প্রথমার্ধের ৩৫ ও ৩৯ মিনিটে ২টি আত্মঘাতী গোল হজম করে বসে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে আরও ২ গোল করে দলের জয় নিশ্চিত করেন হাভার্টজ ও গোজেনস। পরে ৬৭ মিনিটে রোনালদোর পাস থেকে ১টি গোল করে হারের ব্যবধান কমান পর্তুগালের দিয়েগো হোতা।
নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর এই ম্যাচটা জার্মানির জন্য ছিলো প্রত্যাবর্তনের। ২৫ বছর আগে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল জার্মানরা। এরপর ২০০৮ সালে একবারই ফাইনাল খেলতে পেরেছিল তারা।
এদিন বল পজিশনে আধিপত্য ধরে রাখার পাশাপাশি জার্মানি ১২টি শট করে। যেখানে অন টার্গেটে শট ছিল ৭টি। অন্যদিকে পর্তুগাল ৭টি শটের দুটি রাখতে পারে জালের দিকে।
তবে জার্মানির আক্রমণের ধারার বিপরীতে ১৫তম মিনিটে গোল করে এগিয়ে যায় পর্তুগাল। স্বাগতিকদের কর্নার হেডে মুক্ত করে রোনালদো বল সামনে বাড়িয়ে দেন। সেখান থেকে বের্নার্দো সিলভা দারুণ একটি ক্রসে দিয়েগো জোটার দিকে বল বাড়ান। জোটা এগিয়ে গিয়ে ফাঁকায় থাকা রোনালদোর দিকে পাস দিলে গোল করতে কোনো ভুল করেননি পর্তুগাল অধিনায়ক।
এই গোলের ফলে মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো মিলে) ইউরোপিয়ান খেলোয়াড়দের সর্বোচ্চ গোলের তালিকায় ১৯ গোল নিয়ে বসলেন শীর্ষে, জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার পাশে।
দুই ম্যাচে এক জয় ও এক হারে দ্বিতীয়স্থানে উঠে এলো জার্মানি। একই পরিণতির পর্তুগাল তিনে রয়েছে। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে ফ্রান্স। আর সমান ম্যাচে এক পয়েন্ট পাওয়া হাঙ্গেরি তলানিতে রয়েছে।
আগামী বুধবার বুদাপেস্টে শিরোপাধারী পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। একই সময়ে মিউনিখে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।
খখ/মো মি


