খাসখবর মহামারী ডেস্ক➤দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৫৪৮ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।
রবিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন।
একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬ টি, জিন এক্সপার্ট ৪৬টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৫৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ২৬২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ২৭ জন নারী।
মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ৩২ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন বাড়িতে, বাকিরা হাসপাতালে মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৩৪৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৫৭ হাজার ৪৮৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৬০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ২২৬ জন।
খখ/মো মি


