খাসখবর মহামারী ডেস্ক➤ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউনেও কোন কাজ হচ্ছে না। বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। করোনায় ১দিনে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে, ১২ হাজারের বেশি হয়েছে শনাক্ত।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৮৪২ জনে। এর আগে, ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৭ হাজার ১৫৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫০টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৩ হাজার ৬৩১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি।
গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৪১ হাজার ৭৫৫ জন। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২০৩ জনের মধ্যে ষাটোর্ধ ১১৮ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩২ জন ও মহিলা ৭১ জন। যাদের মধ্যে বাসায় ১৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬১ জন, খুলনা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
খখ/মো মি


