খাসখবর মহামারী ডেস্ক➤গত ২৪ ঘন্টায় করোনায় কিছুটা মৃত্যু কমেছে। এসময়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। ১দিনে করোনা শনাক্ত হয় ১২১৪৮ জনের শরীরে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৪৬৫ জনে। এর আগে, ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫০টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৫ হাজার ৪৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭টি।
গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ০৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী একজন। ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৩ জন ও মহিলা ৭৪ জন। যাদের মধ্যে বাসায় ১২ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ছয় জন ও ময়মনসিংহ বিভাগে সাতজন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
খখ/মো মি


