খাসখবর জাতীয় ডেস্ক➤১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ, পরদিন ১১ আগস্ট থেকে হবে শিথিল। চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ, ১০ আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে ১১ আগস্ট থেকে বিধিনিষেধে কিছু পরিবর্তন আসবে।
চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ বাড়ানো হলো আরেক দফা। আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিধিনিষেধ চলবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (৩ জুলাই) কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি জানান, ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হবে। এ সময় থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন।
মোজাম্মেল হক বলেন, আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে পর্যায়ক্রমে যানবাহন চলবে, খুলবে অফিস। ১১ আগস্টের পরে টিকা না নিয়ে কেউ মুভমেন্ট করলে শাস্তি হিসেবে বিবেচনা করা হবে।
আরও বলেন, কেউ ভ্যাকসিন নিয়েছে কিনা, সেই তথ্য ওয়েবসাইটে চলে যাবে, কেউ মিথ্যা বলতে পারবেন না। দোকানপাট খোলার আগে ৭, ৮ ও ৯ আগস্ট তিনদিন সুযোগ রাখলাম। এ সময়ের মধ্যে যাতে ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগ দিচ্ছি। ভ্যাকসিন নেওয়া ছাড়া কেউ যেন কর্মস্থলে না আসে।
করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে শাস্তির আওতায় আনা হবে ১৮ বছরের বেশি বয়স্কদের।
এর আগে দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে গত ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৩ জুলাই সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয়।
খখ/মো মি


