খাসখবর মহানগর ডেস্ক➤ মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন আর নেই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক গাজী সালেহ উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপকের মৃত্যুতে বন্দরনগরীতে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (৫ আগস্ট) রাত ৮ টার দিকে ঢাকায় সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজী সালেহ উদ্দীনের ছেলে সালেহীন তানভীর গাজী।
অধ্যাপক গাজী সালেহ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
চবি উপাচার্য ও উপ উপাচার্যের শোক:
অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
শোক বাণীতে তারা বলেন, অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী, নির্লোভ-নিরঅহংকারী একজন গুণী শিক্ষক। জাতির পিতার আদর্শের অকুতোভয় এ সৈনিক দেশের যেকোন প্রগতিশীল আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নীতি-আদর্শে অবিচল এ প্রথিতযশা শিক্ষাবিদ চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালনকালীন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি যে ভূমিকা পালন করেছেন চবি কর্তৃপক্ষ সেটা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
খখ/মো মি


