খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে পালানোর পরই প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। খবর বার্তা সংস্থা রয়টার্স এর।
এর আগে রোববার (১৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে তাজিকিস্তানে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গণি। তবে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, নিরাপত্তার কারণে আশরাফ গণির চলাচল সম্পর্কে কিছু বলা যাবে না।
দেশ ছাড়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন। রোববার (১৫ আগস্ট) এক ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। আশরাফ গনি বলেন, ‘তালেবান জিতেছে… সম্পদ, সম্মান এবং নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের।’ তবে তিনি এখন কোথায় আছেন, তা উল্লেখ করেননি আশরাফ গনি।
তালেবান বাহিনী রাজধানী কাবুল ঘিরে ফেলার পর শহরে ঢোকা শুরু করে। একপর্যায়ে আশরাফ গনির দেশ ছাড়ার খবর গণমাধ্যমে আসে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
এ বিষয়ে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তাঁরা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।
আশরাফ গনিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন আফগান শান্তি প্রক্রিয়ার অন্যতম আলোচক হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ। নিজের ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন…তিনি জাতিকে ফেলে গেছেন। সৃষ্টিকর্তা তাঁকে জবাবদিহি করবেন।’
তালেবানের দুজন জ্যেষ্ঠ কমান্ডার দাবি করেছেন, কাবুলে প্রেসিডেনশিয়াল প্যালেস দখল করেছেন তাঁরা। কাবুলে অবস্থানরত ওই দুজন কমান্ডার রয়টার্সকে বলেন, এই প্যালেস এখন পুরোপুরি তালেবানের নিয়ন্ত্রণে। যদিও সরকারি কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
তালেবান সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র সুহেইল শাহীন বলেছেন, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছি। দেশটির জনগণের ওপর কোনো প্রতিশোধ নেবে না তালেবান। তাদের জীবন সম্পূর্ণ নিরাপদ। আমরা দেশ ও জনগণের সেবক।
তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যম শাখার এই মুখপাত্র আরও বলেন, আমরা আগামী কয়েক দিনের মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আশা করছি।
আফগানিস্তানের রাজধানী কাবুলের চারদিকে ঘিরে রেখেছে তালেবান বাহিনী। বর্তমান সরকার ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালির নাম শোনা যাচ্ছে।
খখ/মো মি


