খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকাকালে নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের নজির স্থাপন করেছে বিএনপি, সে রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার গায়েবি মামলায় বিশ্বাসী নয়। কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখে। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়ে এসব বলেন কাদের।
করোনার মহামারীর কারণে গত ১৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেননি। তবে জাতীয় স্বার্থ বিবেচনা করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। সড়কমন্ত্রী বলেন, অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলাপ আলোচনার সুযোগ রয়েছে। সেকারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত না হয়ে সরাসরি যোগ দিচ্ছেন।
তিনি আরও বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে করোনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের বৃহৎ ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাননি প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখপ্রকাশ করে বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি- বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে আগেই বিক্ষোভ প্রতিবাদ শুরু করছে।
অপরাজনীতির কারণ এখন বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ঘরোয়া সিরিজ বৈঠক করছে। এই বৈঠক হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।
খখ/মো মি


