খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাস প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এই ট্যাবলেট বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, স্কয়ার ও এসকেএফ। তবে ওষুধটি বাজারজাতকরণের জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছিল।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে ডিজিডিএর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ওষুধ কোম্পানি বেক্সিমকো, স্কয়ার ও এসকেএফকে কোভিডের ওরাল ট্যাবলেট মলনুপিরাভিরের জরুরি বাজারজাতকরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ অনুমোদনের তালিকায় রয়েছে দেশের আরও ৭টি ওষুধ কোম্পানি। শুরুতে প্রতিটি ক্যাপসুলের বিক্রয়মূল্য ধরা হয়েছে ৫০ টাকা করে।
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সংক্রমণ প্রতিরোধে ৪০টি পিল খেতে হবে।
এই ওষুধটি করোনায় সংক্রমিত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয় বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়ো থেরাপিউটিকস। এটি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার করতে হবে বলে জানান তিনি।
খখ/মো মি


