চট্টগ্রামে ডিজেলচালিত বাসে ‘লাল’, সিএনজিচালিত বাসে ‘সবুজ’ রঙের স্টিকার লাগাতে হবে

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সিএমপির পুলিশ কমিশনারের বৈঠকে চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত যানগুলোতে লাল এবং সিএনজির বেলায় সবুজ রঙের স্টিকার লাগানোর সিদ্ধান্ত এসেছে।

thai foods

বুধবার(১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এ বৈঠকের পর ডিজেল ও সিএনজিচালিত গণপরিবহন চিহ্নিত করার এ নির্দেশনা দেওয়া হয়েছে। লাল ও সবুজ স্টিকার পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ গণমাধ্যমকে বলেন, ডিজেলচালিত গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া বাস্তবায়নের পাশাপাশি সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনারের সভাপতিত্বে বৈঠকে মালিক-শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সিএনজিচালিত যানবাহনগুলোকে চিহ্নিত করতে স্টিকার লাগানোর বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল নাথ জানান, ডিজেলচালিত যানগুলোতে ‘লাল’ এবং সিএনজিচালিত যানগুলোতে ‘সবুজ’ রঙের স্টিকার লাগাতে হবে, যা পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

শিগগির স্টিকার লাগানোর পাশাপাশি বিভিন্ন গণপরিবহন, টার্মিনাল ও বাস স্টপেজে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

ডিজেলের দাম এক দফায় ১৫ টাকা বাড়ানোর পর বাস মালিকদের ধর্মধট ও দাবির মুখে গত ৭ নভেম্বর বিআরটিএ ও মালিকদের সভায় বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরদিন থেকে কার্যকর হয়।

ধর্মঘট তুলে নেওয়ার পর বাস চালানো শুরু করলে চট্টগ্রামে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। সিএনজিচালিত বাসেও ডিজেলের জন্য বর্ধিত ভাড়া আদায় করা হয়।

সারাদেশে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে। আর মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা।

মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে করা হয় ২ টাকা ৫ পয়সা।

এ হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ডিজেলচালিতের পাশাপাশি সিএনজিচালিত বাসও বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগের প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকায় বিআরটিএ কার্যালয়ে এক বৈঠকে দুই জ্বালানি ব্যবহারে চলা বাসগুলো আলাদাভাবে চিহ্নিত করার সিদ্ধান্ত হয়।

বাস মালিক-শ্রমিক নেতা এবং পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।

খখ/মো মি

আগেআজ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরে‘এ দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের প্রতিষ্ঠিত করেছে’-ওবায়দুল কাদের